রায়পুরার ভোটকেন্দ্রে গুলিতে দুজন নিহতের ঘটনায় দুই মামলা
নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি ও উত্তর বাখরনগর ইউপির দুই ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল রোববার রাতে রায়পুরা থানায় ওই দুই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের দেওয়া লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড হয়।
এ সম্পর্কে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, ওই দুই কেন্দ্রে ব্যালট পেপার গণনার সময় ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল দুই পক্ষের সমর্থকেরা। ব্যালট বাক্স রক্ষা ও জানের নিরাপত্তায় পুলিশ শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় আরিফ মিয়া ও ফরিদ মিয়া নামের দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হন। দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল সন্ধ্যায় তৃতীয় ধাপের ভোট শেষে ফলাফল গণনার সময় চান্দেরকান্দিতে আরিফ মিয়া (২৪) ও উত্তর বাখরনগরে ফরিদ মিয়া (৩২) পুলিশের গুলিতে আহত হন। গুলিবিদ্ধ আরিফ মিয়াকে সন্ধ্যা সাতটার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুলিবিদ্ধ ফরিদ মিয়া রাত ৯টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চান্দেরকান্দিতে নিহত আরিফ মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখারটেক এলাকার চান মিয়ার ছেলে। পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক আরিফ নির্বাচনের কাজে পুলিশের সঙ্গে ওই ভোটকেন্দ্রে অবস্থান করছিলেন। অন্যদিকে উত্তর বাখরনগরে নিহত ফরিদ মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের মুজিব মিয়ার ছেলে।
চান্দেরকান্দির ঘটনায় মামলার বাদী হয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের চান্দেরকান্দি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আমজাদ হোসেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
উত্তর বাখরনগরের ঘটনায় মামলার বাদী হয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল কাদির। এতে স্থানীয় পণ্ডিত মেম্বারসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, আরিফ মিয়ার বুকে ও ফরিদ মিয়ার ডান চোখে ছররা গুলি লেগেছিল। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আরিফ মিয়া ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ মিয়ার মৃত্যু হয়। আজ সোমবার সকালে আরিফের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফরিদের লাশের ময়নাতদন্ত হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘নিহত আরিফ পুলিশের গুলিতে মারা গেছেন কি না, তা আমরা নিশ্চিত নই। তবে উত্তর বাখরনগরের ঘটনায় ফরিদ মিয়া পুলিশের গুলিতেই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’