রায়পুরার সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গতকাল সোমবারের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫০ জন গ্রামবাসীকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রায়পুরা থানায় মামলা দুটি হয়।

বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। মামলার এজাহারভুক্ত আসামি ৮৬ জন। প্রধান আসামি করা হয় নীলক্ষা গ্রামের আবদুল মতিনকে। অন্যদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার বাদী এসআই ওবায়দুর রহমান। ১৬০ জনের নাম উল্লেখ করে দায়ের হওয়া এই মামলার প্রধান আসামি সোনাকান্দী গ্রামের তৌকির আহমেদ।

পুলিশ বাদী হয়ে দুটি মামলার হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সার্কেল) বশির উদ্দিন বলেন, নিহত চার ব্যক্তির মরদেহ পুলিশ হেফাজতে এসেছে। ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল নীলক্ষা ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সরকার এবং সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হক সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নির্বাচনী বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।

আজ নীলক্ষা ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। টানা পাঁচ দিনের সংঘর্ষে নীলক্ষা, বীরগাঁও, দড়িগাঁও, হরিপুর গ্রামে পোড়া চিহ্ন। সর্বত্র ইট-পাথর ছড়িয়ে-ছিটিয়ে আছে। এই কয় দিনে গ্রাম চারটির অন্তত ৪০টি ঘরে অগ্নিসংযোগের চিহ্ন পাওয়া গেছে। গ্রামবাসী জানিয়েছেন, অগ্নিসংযোগের চেয়ে দুই পক্ষের বাড়িতে লুটপাট হয়েছে বেশি। তাজুল ইসলামপক্ষের কিছু সমর্থক গ্রেপ্তার-আতঙ্কে এলাকা ছেড়ে গেলেও আবদুল হকপক্ষের লোকজন গ্রামে অবস্থান করছে। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলমকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আজ ওই কমিটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই চেয়ারম্যান ক্ষমতাসীন দলের রাজনীতি করেন। বেশ কয়েক বছর ধরে নীলক্ষা ইউনিয়নে প্রভাব বিস্তার করা নিয়ে তাজুল ইসলাম ও আবদুল হকের সমর্থকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সর্বশেষ ইউপি নির্বাচনে তাজুল ও আবদুল হক উভয় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চান। শেষে তাজুল ইসলামকে দলীয় প্রার্থী নির্বাচন করা হয়। মনোনয়নবঞ্চিত হলেও আবদুল হক প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে তাজুল বিজয়ী হন। নির্বাচনের পর দুই পক্ষে বিরোধ আরও বাড়ে। দুই পক্ষের লোকজনের মধ্যে গত সাত মাসে ১৫ বার সংঘর্ষ হয়েছে। এতে প্রায় সাড়ে তিন শ লোক আহত হয়। ভাঙচুর ও লুটপাট হয়েছে শতাধিক বাড়িঘর। এসব ঘটনায় পাল্টাপাল্টি একাধিক মামলাও হয়েছে।

এলাকাবাসী বলেন, গত শনিবার সন্ধ্যায় নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়। শনিবারের সংঘর্ষের সূত্র ধরে গত রোববার দুপুরেও টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষ নীলক্ষা, বীরগাঁও, দড়িগাঁও ও হরিপুর গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। এর জেরে গতকাল সকাল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। সকাল থেকে উভয় পক্ষের সহস্রাধিক সমর্থক টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে হরিপুর, গোপীনাথপুর, কান্দাপাড় ও বীরগাঁও গ্রামে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার উদ্দিনসহ পুলিশের আরও পাঁচ সদস্য আহত হন। নিহত হন নীলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের শাহজাহান মিয়া (২৭), মানিক মিয়া (৪৫), সোনাকান্দি গ্রামের মোমেন মিয়া (২২) ও খোকন মিয়া (৩২)। তাঁরা সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থক ছিলেন।