রায়পুরায় ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়িতে ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার বেলা তিনটার দিকে বাঁশগাড়ি ইউনিয়নের নতুন বাজার এলাকায় দফায় দফায় এই পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় আহত ব্যক্তিদের সন্ধ্যার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা নেওয়া ১২ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রফিকুল ইসলাম (২০), মোহাম্মদ আলী (২৪), ইকবাল হোসেন (২৫), রুবেল খান (২২), স্বপন আলী (৩২), বিল্লাল হোসেন (১৯), আজিজুল ইসলাম (১৬), দেলোয়ার হোসেন (২৪), আসিফ হোসেন (১৮), সেলিম রহমান (৩২), আবু সাইদ (৩৩) ও আমজাদ হোসেন (২২)। আহত বাকিদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুর বাসার বলেন, ‘রায়পুরার বাঁশগাড়ি থেকে আহত অবস্থায় আসা ১২ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। প্রাথমিক চিকিৎসা দিয়ে এরই মধ্যে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়নে দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক এবং অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে জাকির মিয়া।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়নে দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক এবং অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে জাকির মিয়া। দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলে আসছে। সম্প্রতি বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক আবারও দলীয় মনোনয়ন পাওয়ায় দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করে। এরই অংশ হিসেবে আজ সকাল থেকেই দুই পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরে বেলা তিনটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষেরই অন্তত ২০ জন আহত হন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে বাঁশগাড়িতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। দুই পক্ষেরই বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান ও বিরোধী এক পক্ষের নেতা আশরাফুল হক বলেন, ‘সংঘর্ষের ঘটনার সময় আমি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ছিলাম। এখনো আমি এলাকায় পৌঁছাতে পারিনি। তবে শুনেছি, আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় ওই পক্ষটি ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড ঘটিয়েছে।’
অন্য পক্ষের নেতা জাকির মিয়ার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।