রায়পুরায় ঝোপে পড়ে ছিল অজ্ঞাত নারীর বস্তাবন্দী লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় রেললাইন–সংলগ্ন ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্বকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই নারীর বয়স ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরনে ছিল হলুদ–লাল রঙের ফুলের ছাপ দেওয়া জামা, হলুদ রঙের পায়জামা ও গোলাপি রঙের ওড়না।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, স্থানীয় কয়েক ব্যক্তি রেললাইন ধরে যাওয়ার সময় পূর্বকান্দি রেলসেতুর পাশের একটি ঝোপের মধ্যে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন। এ সময় ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।

পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও রায়পুরা থানার পুলিশকে ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোথাও হত্যার পর লাশ বস্তাবন্দী করে এখানে ফেলে যাওয়া হয়েছে। রায়পুরা থানার পুলিশ ও নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ইমায়েদুল জাহিদী আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ওই নারী কীভাবে মারা গেছেন, বিষয়টি এখনো অস্পষ্ট। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।