রায়পুরায় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিনজন যাত্রী নিহত
নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন–সংলগ্ন হাসনাবাদ রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, পিকআপ ভ্যানটি হাসনাবাদ রেলক্রসিং অতিক্রম করার সময় সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে একজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন নেত্রকোনার পূর্বধলার কালিহর মাইজপাড়া এলাকার চান মিয়ার ছেলে নাম সুজাত মিয়া (২৫), ইব্রাহিম খানের ছেলে আনিস খান ও আবদুর রশিদের ছেলে সুজাত মিয়া (২৫)। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরার আমিরগঞ্জের হাসনাবাদ রেলক্রসিং অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে। ঠিক একই সময় একটি পিকআপ ভ্যান ওই রেলক্রসিং পার হচ্ছিল। স্টেশনটিতে যাত্রাবিরতি না থাকা দ্রুতগতির ট্রেনটির ধাক্কায় পিকআপ ভ্যানটি বেশ খানিকটা দূরত্বে ছিটকে গিয়ে দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে বেলা দুইটার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করেন। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। বেলা সাড়ে তিনটার দিকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীন মিয়ার মৃত্যু হয়।
এসআই ইমায়েদুল জাহেদী বলেন, পিকআপ ভ্যানটিতে চালকসহ ছয়জন ছিলেন। অরক্ষিত হাসনাবাদ রেলক্রসিং অতিক্রমের সময় আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।