রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত আরও এক যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরার মির্জারচরে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে মির্জারচর ইউনিয়নের মির্জারচর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর একটি হাত ক্ষতবিক্ষত হয়।

তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ।

মারা যাওয়া ওই যুবকের নাম মো. মামুন মিয়া (৩০)। তিনি রায়পুরার মির্জারচর ইউনিয়নের মির্জারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে একই ঘটনায় নিহত রুবেল মিয়া (২৭) একই এলাকার মানিক ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঘটনার শুরু রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়ন থেকে। ১১ নভেম্বর বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল নৌকার প্রার্থী মো. আশরাফুল হক ও স্বতন্ত্র প্রার্থী রাতুল হাসান জাকিরের মধ্যে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দুজনের ওই এলাকায় বিরোধ দীর্ঘদিনের। ওই নির্বাচনের দিন ভোরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়।

রক্তক্ষয়ী ওই নির্বাচনে ভোটের ফলাফলে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী রাতুল হাসান। এর পরপরই আশরাফুলের কর্মী-সমর্থকেরা আতঙ্কে এলাকা ছাড়েন। তবে নির্বাচিত হওয়ার কয়েক দিন পরই রাজধানী ঢাকা থেকে রাতুল হাসান পুলিশের হাতে অস্ত্রসহ আটক হন। ওই মামলায় কিছুদিন জেল খেটে বর্তমানে তিনি জামিন পেয়ে এলাকায় আছেন।
আড়াই মাস পর আজ সকালে মো. আশরাফুল হকের কর্মী-সমর্থকেরা এলাকায় ঢোকেন। বাধা দিতে এলে রাতুল হাসানের কর্মী-সমর্থকদের ধাওয়া দেন তাঁরা। ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী মির্জারচর ইউনিয়নের মির্জারচর এলাকায় আশ্রয় নেন রাতুল হাসানের কর্মী-সমর্থকেরা। পরে দুপুর ১২টার দিকে আশরাফুল হকের কর্মী-সমর্থকেরা মির্জারচর গিয়ে দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় রুবেল মিয়া নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় আহত হন আরও অন্তত আটজন।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মামুম মিয়া। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, নিহত রুবেল মিয়ার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্য দিকে নিহত মামুন মিয়ার লাশ ওই হাসপাতালেরই মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।