রায়পুরায় প্রতিপক্ষের হামলায় তরুণী নিহত, বাড়িঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরায় কাচারীকান্দি গ্রামে প্রতিপক্ষের দেওয়া আগুনে পুড়ে গেছে বাড়িঘর। সোমবার সকালের ছবি।
সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় পাড়াতলীতে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ১৫টি ঘর পুড়ে গেছে। এ ছাড়া হামলায় এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তরুণীর নাম আফসানা আক্তার (১৮)। তিনি রায়পুরার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের নান্নু মিয়ার মেয়ে।

এর আগে গত ১৭ ও ১৮ মে ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরার পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের সঙ্গে সাবেক ইউপি সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের বিরোধ দীর্ঘদিনের। তাঁদের বিরোধের জেরেই মে মাসে দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়েছিল। প্রায় ৪০ দিন পর সাবেক ইউপি সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের সমর্থকেরা গতকাল রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের সমর্থকদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেন।

পুলিশ ও নিহত তরুণীর স্বজনেরা জানান, গতকাল রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি গ্রামের অন্তত ১৫টি বাড়িঘরে আগুন দেওয়া হয়। আজ ভোরে নিজ বাড়ির পাশেই আফসানা আক্তারের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে রায়পুরার বাঁশগাড়ি তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা গিয়ে তাঁর লাশ উদ্ধার করেন। তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাড়াতলী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গত রাতে অগ্নিসংযোগের সময় প্রতিপক্ষের আঘাতে ওই তরুণীর মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রায়পুরা থানা ও বাঁশগাড়ি তদন্তকেন্দ্রের পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেবদুলাল দে আজ সকালে বলেন, ‘কাচারিকান্দী গ্রামে গতরাতে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন। এ সময় ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হযেছে। এ ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’