রায়পুরায় বাসচাপায় বীর মুক্তিযোদ্ধা প্রাণ হারালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় বাসচাপায় আবদুল হাই (৬০) নামের একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দীর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল হাই নরসিংদীর রায়পুরার মরজালের ধুকুন্দীর চর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রোববার বিকেল চারটার দিকে আবদুল হাই বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা সুপার পরিবহনের একটি বাস অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে ওই বীর মুক্তিযোদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের ছেলেরা বিভিন্ন স্থানে চাকরি করেন। তাঁরা বাড়ি এলে আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলাউদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তির লাশ হস্তান্তর করা হয়েছে। অনন্যা পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসচালক পলাতক।