রায়পুরায় বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে যুবকের ওপর হামলার অভিযোগ
নরসিংদীর রায়পুরায় একটি বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার আমিরগঞ্জের নলবাটা গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আহত ওই যুবক বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ওই যুবকের নাম শাহ কামাল (২৫)। তিনি রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামের আবুল কাশেমের ছেলে। শাহ কামাল আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গুলজার হোসেনের কর্মী এবং শিবপুর শহীদ আসাদ সরকারি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র।
আহত যুবকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য গুলজার হোসেনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে রবির বালুর ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ আছে। এই বিরোধের জের ধরেই শাহ কামালের ওপর হামলার হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
গতকাল রাতে নরসিংদী সদর হাসপাতালে গেলে আহত যুবকের বাবা আবুল কাশেম ও মা জায়েদা খাতুন হামলার বর্ণনা দিয়ে বলেন, দুজনের বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে ছয় মাস ধরে শাহ কামাল এলাকার বাইরে ছিলেন। কোরবানি ঈদের আগে তিনি বাড়িতে আসেন। কোনো উসকানি ছাড়াই গতকাল রাত সাড়ে আটটার দিকে রফিকুল ইসলামের অনুসারী সুলতান, সজীব, সুজন, সফিকসহ ১৪ থেকে ১৫ জন মিলে বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দেন। এরপর তাঁরা শাহ কামালের ঘরে ঢুকে রামদা ও চাপাতি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। শাহ কামাল নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির বলেন, ওই যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে মাথা, দুই হাতসহ চারটি স্থানে গভীর ক্ষত ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু তাঁর পরিবারের সদস্যদের ইচ্ছায় এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত যুবকের সারা শরীরে অন্তত ৫০টি সেলাই দেওয়া হয়েছে।
হামলার অভিযোগের বিষয়ে জানতে আজ সকালে রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। তবে প্রতিবারই মুঠোফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য গুলজার হোসেন বলেন, ‘আমি এই এলাকার তিনবারের নির্বাচিত ইউপি সদস্য। তবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে রফিকুল ইসলাম রবি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। তাই তিনি বেছে বেছে আমার কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছেন। এভাবে চলতে পারে না।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় পুলিশ এখনো কোনো অভিযোগ হাতে পায়নি। তবে রায়পুরা থানার পুলিশ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিকে পর্যবেক্ষণ করে এসেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।