রায়পুরায় রেললাইন থেকে অজ্ঞাতনামা নারীর খণ্ডিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় রেললাইন থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রায়পুরার মহেশপুর ইউনিয়নের সাপমারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর। তাঁর পরনে কালো রঙের বোরকা ছিল। পুলিশের ধারণা, আজ ভোরে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের ওপর এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি দৌলতকান্দি রেলস্টেশনের মাস্টারকে জানানো হলে তিনি ভৈরব রেলওয়ে থানা-পুলিশকে খবর দেন। পরে বেলা ১১টার দিকে ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী আকবর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

উপপরিদর্শক মোহাম্মদ আলী আকবর বলেন, লাশের সুরতহাল শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর লাশ নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ওই নারীর কোমর বরাবর আড়াআড়ি দুই টুকরা হয়ে গেছে। এ ছাড়া দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশের খণ্ডিত অংশগুলো ১০০ গজের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ওই নারীর লাশ রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসার পরপরই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর দুই সদস্য এসেছেন। নিহত নারীর হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটা নিছক দুর্ঘটনা না আত্মহত্যার চেষ্টা, সেটা এখনো স্পষ্ট নয়। পরিচয় শনাক্তের পর ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।