রায়পুরায় শিশুকে অপহরণ ও হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরার অপহরণের চার দিন পর ইয়ামিন মিয়া নামের আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার ভোরে রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের একটি ধানখেত থেকে ইয়ামিনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের দিন তাকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। পরদিন তার মায়ের মুঠোফোনে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। নিহত ইয়ামিন ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জামাল মিয়ার ছেলে। সে বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
গ্রেপ্তার চারজন হলেন রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের সিয়াম উদ্দিন (১৮), সুজন মিয়া (২৪), কাঞ্চন মিয়া (৫৪) ও এক কিশোর (১৭)। বাখরনগর গ্রামের বিভিন্ন স্থান থেকে এই চারজনকে আটকের পর শিশুটির মায়ের দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, একটি গেমিং ল্যাপটপ কেনার টাকার জন্য ইয়ামিনকে অপহরণের পরিকল্পনা করেছিলেন আসামিরা। পরিকল্পনা অনুযায়ী, গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের দিন বাখরনগর এলাকার একটি দোকানের সামনে থেকে খেলার ছলে ইয়ামিনকে অপহরণ করেন সিয়াম ও কিশোর আসামি। তাকে সিয়ামের বাড়িতে নিয়ে মুখ, হাত ও পা বেঁধে রাখার সময় ইয়ামিন চিৎকার করতে থাকে। ওই সময় তাকে বালিশচাপায় হত্যা করে একটি বস্তায় ভরে বাড়িটির গোয়ালঘরে ফেলে রাখা হয়। পরদিন স্ক্রিপ্টেডবায়া নামের একটি অ্যাপস ব্যবহার করে ভিপিএনের মাধ্যমে ইয়ামিনের মায়ের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চান তাঁরা। এদিকে লাশের গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করলে বৃহস্পতিবার রাতে ইয়ামিনের বস্তাবন্দী লাশ ফেলে আসেন হত্যাকারীরা। হত্যাকাণ্ডে ব্যবহৃত স্কচটেপ, বালিশ ও অপহরণ ঘটনায় ব্যবহৃত মুঠোফোন ও সিম উদ্ধার করা হয়েছে। ওই দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত সুজন মিয়া ও কাঞ্চন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
নিহত শিশুর পরিবারের ভাষ্য, ২৮ নভেম্বর উত্তর বাখরনগর ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ১০টার দিকে ইয়ামিনের মা শামসুন্নাহার বেগম ভোট দিতে যান। দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে আসার পর থেকেই ইয়ামিনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন শামসুন্নাহার বেগমের মুঠোফোনে একটি কল আসে। ফোনের ওপাশ থেকে জানানো হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলেকে জীবিত ফেরত চাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এ ঘটনার পর শামসুন্নাহার বিষয়টি মৌখিকভাবে রায়পুরা থানা-পুলিশকে জানান। পরে ১ ডিসেম্বর তিনি থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে স্থানীয় লোকজন ধানখেতে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শামসুন্নাহার বেগম এসে শিশুটির পরনের কাপড় দেখে ইয়ামিনের লাশ শনাক্ত করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শামসুন্নাহার বেগম বলেন, ‘অপহরণকারীরা প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। পরে ৫ লাখ টাকায় মীমাংসা করি। অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠাই। ওই টাকা পাঠানোর পর থেকেই অপহরণকারীরা মুঠোফোন নম্বরটি বন্ধ করে দেয়। আমি তাদের বলেছিলাম, পুরো টাকাই দেব। অথচ এর আগেই আমার ছেলেকে হত্যা করল তারা।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পরিত্রাণ তালুকদার ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার।