রায়পুরে অটোরিকশার ধাক্কায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কের হোসেন মেম্বারের স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ওই তরুণের নাম মো. শাকিল (১৮)। শাকিল ওই ইউনিয়নের উদমারা গ্রামের দিনমজুর শফিক উদ্দিনের ছেলে। তিনি রায়পুর শহরের আসবাবের একটি দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, প্রতিদিনের মতো গতকাল রাতে শাকিল ও তাঁর ভাতিজা মো. পলাশ (১৮) দোকান থেকে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথে হোসেন মেম্বার স্টেশন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি অটোরিকশা তাঁদের বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শাকিল ও পলাশ গুরুতর আহত হন। এতে শাকিলের মাথা ও কানে গুরুতর জখম হয়ে রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত পলাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলী বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও নিহত ব্যক্তির বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগে পেলে ব্যবস্থা নেওয়া হবে।