রায়পুরে নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু, নিখোঁজ ১
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী শামিমা আক্তার (১২) মারা গেছে। তার সঙ্গে গোসল করতে যাওয়া নিখোঁজ ফাতেমা আক্তার (১১) নামে আরেক ছাত্রী নিখোঁজ রয়েছে। গতকাল শনিবার দুপুরে উদমারা গ্রামে এ ঘটনা ঘটে।
শামিমা আক্তার উদমারা গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে। আর নিখোঁজ থাকা ফাতেমা একই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। শামিমা দক্ষিণ উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ এবং ফাতেমা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন ব্যাপারী জানান, গতকাল দুপুর ১২টার দিকে ফাতেমা ও শামিমা বাড়ির পাশের আনন্দ বাজারের দক্ষিণে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা সাঁতার কাটতে গিয়ে নদীতে ডুবে যায়। পরে লোকজন শামিমার মরদেহ উদ্ধার করলেও ফাতেমা নিখোঁজ থাকে। খবর পেয়ে বেলা তিনটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে এসে নিখোঁজ ফাতেমাকে উদ্ধারের চেষ্টা করছেন।