রায়পুরে মেঘনার ভয়াল থাবা

স্ত্রী-সন্তান নিয়ে পাঁচ সদস্যের পরিবার আবুল হোসেনের। গত শনিবার তাঁর বসতভিটা চলে গেছে মেঘনার পেটে। গত বছর ৩০ শতাংশ ফসলি জমি কেড়ে নেয় এ মেঘনা। জমি ও ভিটা হারিয়ে এখন তিনি নিঃস্ব।
আবুল হোসেনের মতো লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের অনেক মানুষের ঘর, জমি ও সম্পদ কেড়ে নিয়েছে মেঘনা নদী। সাত বছর ধরেই চরকাছিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে ভাঙন চলছে। শুষ্ক মৌসুমে নদীভাঙনের মাত্রা কম থাকে। কিন্তু বর্ষাকালে ভাঙন বেড়ে যায়। তীব্র ভাঙনে গত ২০ দিনে চরকাছিয়া গ্রামের ১০টি বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার জানান, গত সাত বছরে চার শতাধিক একর ফসলি জমি, তিন শতাধিক ঘর, মসজিদ ও দোকান নদীগর্ভে চলে গেছে। ভূমিহীন হয়েছে প্রায় ৪০০ পরিবার। ভাঙনের হুমকিতে রয়েছে নদীর দুই পাড়ের বিস্তীর্ণ জনপদ ও ফসলি জমি।
এলাকাবাসী জানান, ২০১৪ সালের ২৯ মে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শনে আসেন। পরে তিনি দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক পথসভায় মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কিন্তু দুই বছরেও মন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করা হয়নি।
ভাঙনে ক্ষতিগ্রস্ত চরকাছিয়া গ্রামের আবদুল কাদের বলেন, ১৫ দিন আগে তাঁদের বসতঘর মেঘনার ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে যায়। নদীতে মাছ ধরে পরিবার-পরিজন নিয়ে ভালোই চলছিল তাঁর সংসার। কিন্তু সব হারিয়ে তিনি এখন নিঃস্ব। এখন অন্যের জমিতে ঘর তুলে থাকছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বলেন, ‘গত ২০ দিনে ভাঙনে চরকাছিয়া গ্রামের ১০-১২টি পরিবারের ঘর-বাড়ি নদীগর্ভে চলে গেছে। বর্তমানে ভাঙনের হুমকিতে রয়ে অর্ধশত পরিবারের বসতভিটা। পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ ভাঙন পরিদর্শনে এসে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে অনুযায়ী আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে একাধিবার কথা বলেছি।’
এ বিষয়ে জানতে চাইলে গত মঙ্গলবার পাউবোর লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কাজী ইয়ার আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভাঙনরোধে গত বছর পাউবোর প্রধান কার্যালয়ে জরুরিভাবে অর্থ বরাদ্দ চেয়ে একটি প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এখনো প্রকল্পটি অনুমোদন করা হয়নি। অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।