রায়পুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম আজ সোমবার এ রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তির নাম মো. রাশেদ (৪০)। তিনি রায়পুর উপজেলা চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের আলী হায়দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের খোকন ছৈয়ালের মেয়ে সুমির সঙ্গে রাশেদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পারিবারিক কলহের জের ধরেই ২০২০ সালের ৩ মে সুমিকে গলা টিপে রাশেদ হত্যা করেন।
এ ঘটনায় একই বছরের ১৬ জুলাই সুমির মা হাজেরা বেগম বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ২ নভেম্বর পুলিশ রাশেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন বলেন, দীর্ঘ শুনানি ও আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গৃহবধূ সুমিকে হত্যার দায়ে তাঁর স্বামী রাশেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।