রিটার্নিং কর্মকর্তাকে হুমকি, পৌর মেয়রের বিরুদ্ধে জিডি
রিটার্নিং কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কাউন্সিলর রাজু মোল্লা, কাজী জহিরুল হক এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক সদস্য পদপ্রার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিশ্বাস সদর থানায় শনিবার ওই জিডি করেন। ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থীর মো. মনিরুজ্জামানের পক্ষ নিয়ে রিটার্নিং কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে ওই জিডি করা হয়। আঞ্জুমান আরা নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ভদ্রবিলা ইউপিতে আগামী ১১ নভেম্বর নির্বাচন হবে। এ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী মো. মনিরুজ্জামান মনোনয়নপত্র জমা দেন। ২০ অক্টোবর বিকেলে মনিরুজ্জামান ও নড়াইল পৌরসভার কাউন্সিলর রাজু মোল্লা অফিসে এসে অশোভন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। রিটার্নিং কর্মকর্তা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাঁকেও হুমকি-ধমকি দিয়ে তাঁরা চলে যান। এর আধা ঘণ্টা পরে মেয়র আঞ্জুমান আরা ও কাউন্সিলর কাজী জহিরুল হকসহ ২০ থেকে ২৫ জন এসে অশালীন আচরণ করেন ও হুমকি দেন। তাঁরা নির্বাচনী কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করেন।
ওই জিডির বিষয় নিশ্চিত করে সদর থানার ওসি মোহাম্মদ শওকত কবীর প্রথম আলোকে বলেন, বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে।
এ বিষয়ে আঞ্জুমান আরার সঙ্গে কথা বলতে রোববার সকালে ও দুপুরে তাঁর মুঠোফোনে কল দেওয়া হয়। তবে তিনি বলেন, ‘মিটিংয়ে আছি, পরে কথা বলব।’ কাউন্সিলর কাজী জহিরুল হকের মুঠোফোনে কল করলে তিনি ধরেননি। কাউন্সিলর রাজু মোল্লা মুঠোফোনে বলেন, ‘আমরা কোনো খারাপ আচরণ করিনি।’ একপর্যায়ে পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওই প্রার্থী আয়করদাতা হয়েও সম্পদ বিবরণী দাখিল করেননি। এতে তাঁর প্রার্থিতা বাতিল হতে পারে—এমন ধারণা থেকে নেতাদের এনে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সম্পদ বিবরণী না থাকায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’