উচ্চ আদালতে দায়ের করা রিটের সুরাহা না করেই নারায়ণগঞ্জের ফতুল্লায় আলীগঞ্জ খেলার মাঠসহ সংলগ্ন জমিতে সরকারি কর্মকর্তাদের জন্য ভবন নির্মাণে দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়েছে।
১১ আগস্ট একটি জাতীয় পত্রিকায় পুনঃ দরপত্রটি প্রকাশিত হয়। সে অনুযায়ী, দরপত্র কেনার শেষ দিন ২৮ আগস্ট। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত। একই দিন বেলা দুইটায় দরপত্র খোলা হবে।
গণপূর্ত বিভাগ ঢাকা-৪-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম গোলাম কবিরের স্বাক্ষরে পুনঃ দরপত্রটি আহ্বান করা হয়। তিনি জানান, ৮ আগস্ট তিনি এ পদে যোগ দিয়েছেন। পদাধিকারবলে তাঁকে পুনঃ দরপত্রে স্বাক্ষর করতে হয়েছে। এ ব্যাপারে গণপূর্ত বিভাগ নারায়ণগঞ্জ সার্কেলের নির্বাহী প্রকৌশলী বলতে পারবেন।
এলাকাবাসী সূত্র জানায়, আলীগঞ্জ খেলার মাঠসহ তৎসংলগ্ন ১১ দশমিক ৬৫ একর জমিতে সরকারি কর্মকর্তাদের জন্য ১৫ তলাবিশিষ্ট আটটি ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে ৫ দশমিক ৭ একর জমি আলীগঞ্জ খেলার মাঠের। এর মালিক জনৈক আরবী খানম। এ ছাড়া ২ একর ২৩ শতক জমি নিয়ে সরকারের সঙ্গে জনৈক শাহ আলমের এবং ৪৭ শতক জমি নিয়ে আহসানুল করিম চৌধুরী নামের একজনের মামলা চলমান রয়েছে। সেখানে ৬৭২টি ফ্ল্যাট নির্মাণ করার কথা। গত ৭ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠটি রক্ষায় আন্দোলনে নামে এলাকাবাসী।
একনেকের সভায় নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে গত ১০ এপ্রিল উচ্চ আদালতে আলীগঞ্জ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার আহমেদ রিট পিটিশন করেন। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের একটি বেঞ্চ পরবর্তী একনেকের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, অর্থসচিব, পরিকল্পনাসচিব, গণপূর্তসচিবসহ আট কর্মকর্তার বিরুদ্ধে রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
রিটকারীর আইনজীবী আমিমুল এহসান বলেন, ‘রুলের ব্যাপারে সরকারপক্ষ থেকে প্রথমে কোনো জবাব দেওয়া হয়নি। উল্টো ভবন নির্মাণের জন্য প্রথম দফায় পত্রিকায় দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে আমরা ওই দরপত্রের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে আরেকটি আবেদন করি। তখন সরকারপক্ষ থেকে মৌখিকভাবে আদালতকে জানানো হয়, দরপত্রটি বাতিলের প্রয়োজন নেই। কারণ সরকারি নকশাতেও মাঠ রাখা হয়েছে। ভবন নির্মাণ করা হলে তাতে মাঠটির ক্ষতি হবে না। সে সময় বিচারকেরা এ বক্তব্য হলফনামা আকারে আদালতে উপস্থাপনের নির্দেশ দেন। কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে আদালতে হলফনামা জমা দেওয়া হয়নি। এর মধ্যেই ওই কাজের জন্য দরপত্র আহ্বান করেছে গণপূর্ত বিভাগ।’
গণপূর্ত বিভাগ নারায়ণগঞ্জ সার্কেলের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান দাবি করেন, আলীগঞ্জ মাঠ রক্ষায় উচ্চ আদালতে করা রিটটি খারিজ হয়ে গেছে। এখন আর সেখানে কাজ করতে কোনো বাধা নেই।