রিপোর্ট এল তাঁরা করোনা 'পজিটিভ' ছিলেন

নরসিংদীতে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে মারা যাওয়া এক নারীসহ দুই ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে। ১০ জুন তাঁরা মারা যাওয়ার পাঁচ দিনের মাথায় তাঁদের সংক্রমণের তথ্য পাওয়া গেল। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোর কাছে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম।
সিভিল সার্জনের কার্যালয় জানায়, ওই নারীর বাড়ি নরসিংদীর পৌর এলাকার বাসাইলে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়।
অন্যদিকে মৃত পুরুষ ব্যক্তিটির বাড়ি রায়পুরার উত্তর বাখরনগরে। ১০ জুন করোনার উপসর্গ নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর আগেই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম জানান, ‘১০ জুন মারা যাওয়া ওই দুই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন, বিষয়টি গতকাল রাতে নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর আমরা নিশ্চিত হয়েছি। তাঁদের পরিবারের সব সদস্যের নমুনা পরীক্ষা করা হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ১ ব্যক্তি শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত জেলার তালিকাভুক্ত ২০ জন মারা গেলেন। তাঁদের মধ্যে সদর উপজেলার ১২ জন, রায়পুরা উপজেলার ৩, বেলাব উপজেলার ২ এবং পলাশ, শিবপুর ও মনোহরদী উপজেলার ১ জন করে রয়েছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও অন্তত ২৯ জন। অন্যদিকে জেলাজুড়ে আক্রান্ত হওয়ার পরে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯২ জন ব্যক্তি।
জেলা করোনা প্রতিরোধ জরুরি সেল সূত্রে জানা গেছে, জেলাজুড়ে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৪৩ জন, রায়পুরায় ৭৬, পলাশে ৯৫, শিবপুরে ৭৮, বেলাবতে ৫৬ ও মনোহরদীতে ৩৯ জন ব্যক্তি রয়েছেন। বর্তমানে ৪০ জন আক্রান্ত বিভিন্ন হাসপাতালে এবং ৫৩৬ জন হোম আইসোলেশনে আছেন।