রিফাত হত্যায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ২৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিফাত শরীফ
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিচারের রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত। ২৭ অক্টোবর এই রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। আজ বুধবার আদালতে উপস্থাপিত রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষে রায়ের দিন নির্ধারণের ঘোষণা করা হয়।

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আসামির পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার শিশু আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ এই মামলার যুক্তিতর্কের অবশিষ্ট অংশ আদালতে উপস্থাপন করা হয়। এরপর যুক্তিতর্ক শেষ হলে আদালত ২৭ অক্টোবর আলোচিত রিফাত হত্যা মামলার রায়ের দিন ধার্য করেন।

এদিকে আজ সকাল নয়টার দিকে আদালতে হাজির করা হয় জামিনে থাকা আট অপ্রাপ্তবয়স্ক আসামিকে। এরপর কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় কারাগারের শিশু ওয়ার্ডে থাকা অপর ছয় আসামিকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতের কাছে সব আসামির বিরুদ্ধে তথ্য-প্রমাণ উপস্থাপন করেছি। আশা করি, আদালত এই মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দেবেন।’

চলতি বছরের ৮ জানুয়ারি বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ১৩ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিষয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শাকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনের নামে পৃথক দুটি অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক আসামি ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক আসামি ১৪ জন।

গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তাঁর স্ত্রী আয়শার সামনে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকেলে মারা যান রিফাত শরীফ। এ ঘটনার নৃশংস ভিডিও অনলাইনে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরদিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে প্রধান সাক্ষী করা হয় আয়শাকে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর আলোচিত রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এর মধ্যে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকাসহ ছয়জনের মৃত্যুদণ্ড দেন আদালত। অপর চার আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দিয়েছেন।