ঝালকাঠিতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে মাদক সেবন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে যুবলীগ ও ছাত্রলীগ ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তব্য দেন যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন মৌসুমী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, পৌর যুবলীগের আহ্বায়ক আবদুল হক খলিফা, যুবলীগ নেতা কামাল শরীফ, সাবেক ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাদিসুর রহমান ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন।

সভায় বক্তারা বলেন, শহরের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বেড়ে গেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে প্রভাবশালী সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা জড়িত। তাঁরা দক্ষিণের শান্ত জেলা ঝালকাঠিকে উত্তপ্ত করতে চান। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিও জানানো হয়।