ঢাকার সাভারের আশুলিয়ায় কলেজশিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলায় মূল আসামি আশরাফুল ইসলাম ওরফে জিতুর বাবা উজ্জ্বল হাজিকে কারাগারে পাঠানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার আদালতে তোলার পর শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আশুলিয়া থানা–পুলিশ জানায়, উৎপল কুমার হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৮ জুন মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে উজ্জ্বল হাজিকে গ্রেপ্তার করা হয়। নিহত ব্যক্তির বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেছিলেন। গ্রেপ্তারের দিনই দুপুরে উজ্জ্বলকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত পাঁচ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে মামলার আসামি আশরাফুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আজ মঙ্গলবার শেষ হবে। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে।
ঢাকা জেলা পুলিশের কোর্ট পরিদর্শক মতিয়ার রহমান মিয়া বলেন, আজ দুপুরে আশুলিয়া থানা–পুলিশ উজ্জ্বলকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসে। পরে বিচারক কাজী আশরাফুজ্জামানের আদালতে শুনানি হয়। ১৬৪ ধারায় উজ্জ্বলের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী তাঁকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, শিক্ষক হত্যার প্রধান আসামির বাবাকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার প্রধান আসামি আশরাফুলকেও আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, গত শনিবার আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম অতর্কিতভাবে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর হামলা চালান। প্রথমে শিক্ষকের মাথায় আঘাত করেন তিনি। পরে এলোপাতাড়ি পেটাতে থাকেন। সোমবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান উৎপল।