রিমান্ড শেষে মেয়র রফিকুল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম
সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মাসুদুর রহমান হত্যা মামলার আসামি মেয়র রফিকুল ইসলামকে পুলিশের হেফাজতে দুই দিন জিজ্ঞাসাবাদ (রিমান্ড) শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হলে মাহবুবা আক্তার তাঁকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

রফিকুল গৌরীপুর পৌর আওয়ামী লীগেরও সভাপতি।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, রিমান্ডে রফিকুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেননি। মামলার অন্যান্য তথ্য যাচাই–বাছাই করে তদন্ত চলছে।

মাসুদুর রহমান
সংগৃহীত

থানা-পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর রাতে গৌরীপুর সদরের পানমহাল এলাকায় একটি চায়ের দোকানে একদল সন্ত্রাসী মাসুদুর ও তাঁর দুই সহযোগীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই মাসুদুর মারা যান।

ওই ঘটনায় ১৯ অক্টোবর মাসুদুরের ছোট ভাই আবিদুর রহমান গৌরীপুর থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াদুজ্জামানকে প্রধান করে ১৪ জনের নামোল্লেখ করে মামলা করেন। এতে অজ্ঞাতনামা সাত–আটজনকেও আসামি করা হয়। এ পর্যন্ত রিয়াদুজ্জামানসহ ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ১৪ ডিসেম্বর রফিকুল নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারও আগে তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন।