রুমমেটকে পুলিশ হেফাজতে তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোতালেব হোসেনের লাশ উদ্ধারের তিন দিন পরও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির খবর জানাতে পারেনি পুলিশ। মোতালেবের এক রুমমেটকে তিন দিন ধরে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে গতকাল পর্যন্ত মামলায় গ্রেপ্তার দেখানো বা আদালতে হাজির করা হয়নি।

গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের পাশের ড্রেন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেবের লাশ উদ্ধার করা হয়। ওই দিন তাঁর চাচা বশির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি
করে নগরের মতিহার থানায় হত্যা মামলা করেন। লাশ উদ্ধারের পরপর নিহত মোতালেবের রুমমেটসহ চারজনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনজনকে ছেড়ে দেওয়া হলেও রুমমেটকে গতকাল পর্যন্ত নিজেদের হেফাজতে রেখেছিল পুলিশ।

তিন দিন ধরে পুলিশ হেফাজতে রাখা নিয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোর প্রতিবেদককে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে দিয়ে গেছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। কদিন থানায় রাখা যায়, তা নিয়ে আপনার কাছে শিখতে হবে নাকি?’

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) আমীর জাফর প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি তদন্ত পর্যায়ে আছে। আমরা বেশ কয়েকজন কর্মকর্তা মামলাটি নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত মিডিয়াকে জানানোর মতো তেমন কোনো অগ্রগতি নেই। তবে আশা করছি, দু-এক দিনের মধ্যে অগ্রগতির বিষয়ে জানাতে পারব।’ নিহত মোতালেবের রুমমেটকে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাঁকে বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। অনেক তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। আগামীকাল (রোববার) সকালের মধ্যে হয়তো তাঁর বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।’

গতকাল হলের ২৫৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মোতালেবের রুমমেটের ল্যাপটপসহ বিভিন্ন জিনিস নিয়ে যায় পুলিশ।

ক্যাম্পাসে মানববন্ধন: এদিকে মোতালেব হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অন্য বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন। মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বিভাগের প্রভাষক আবদুল্লাহিল বাকী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজ শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ নয়। হলে একের পর এক শিক্ষার্থী খুন হচ্ছে। হত্যাকারীরা এই ক্যাম্পাসকে খুন করার উপযুক্ত জায়গা হিসেবে বাছাই করেছে। খুনিরা বুঝে গেছে, এখানে নিরাপদে খুন করা যায়।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মৃত্যুর পর কাফনের কাপড় ও একটি কফিন দিয়েছে। মনে হচ্ছে, তারা কাফন ও কফিন আগে থেকেই প্রস্তুত করে রেখেছিল। কিন্তু আমরা হত্যাকাণ্ডের পরের প্রস্তুতি নয়, হত্যাকাণ্ড বন্ধের প্রস্তুতি দেখতে চাই। আমরা কাফন পরতে আসিনি, কফিনে শুতে আসিনি।’

এ সময় আরও বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ ও কয়েকজন শিক্ষার্থী। পরে একটি শোক র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মোতালেব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ঝিনাইদহ জেলা সমিতি।

ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, মোতালেবের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ঝিনাইদহ সদর উপজেলার আমতলা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করে এলাকাবাসী। নিহত মোতালেবের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামে। এ কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বক্তারা মোতালেব হত্যার রহস্য উদ্‌ঘাটন করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখলে দুপাশে যানজটের সৃষ্টি হয়।