রুমায় অগ্নিকাণ্ডে দুটি হোটেল ও ছয়টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি আবাসিক হোটেল, ৩৬টি দোকান ও ছয়টি বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সদর বাজারের দক্ষিণ অংশে এ অগ্নিকাণ্ড ঘটে। বাজারের ব্যবসায়ীরা বলেন, উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল দুপুর ১২টার দিকে বাজারের একটি দোকানে রান্নার সময় চুলার পাশের একটি কেরোসিনের ড্রামে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
বাজারের ব্যবসায়ী জসীম উদ্দিন বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। বাজারের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে কয়েকটি ভবন থাকায় এবং সবার প্রচেষ্টার কারণে বাজারের উত্তরাংশের দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। রুমা উপজেলা সদর বাজারে গত ১০ বছরে চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি। রুমা উপজেলায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশনের দাবি জানান তিনি।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।