রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ তিন শ্রমিকের দুজনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের ‘অটোরাইস অ্যান্ড ডাল মিলসে’ অগ্নিকাণ্ডে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুজন মারা গেছেন। আজ রোববার সকালে ও গতকাল শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন হজরত আলী (৫০) ও বেলায়েত হোসেন (৬০)। তাঁরা রূপগঞ্জের বাসিন্দা। দগ্ধ অপর ব্যক্তি সিরাজুল ইসলামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, আগুনে হজরত আলীর শরীরের শতভাগ ও বেলায়েত হোসেনের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।
গতকাল বেলা দুইটার দিকে অটোরাইস অ্যান্ড ডাল মিলসের হাকস ইয়ার্ডের পাইপে বিস্ফোরণে আগুন লাগলে ওই তিনজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউএস–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে স্থানান্তর করা হয়।