রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ ৮ শ্রমিক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আট শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অবস্থিত লিলি কেমিক্যাল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ শ্রমিকেরা হলেন আকালু মিয়া, মো. সজীব, মো. বায়েজিদ, রোকন মিয়া, খাদেম আলী, রাসেল মিয়া, মেহেদী হোসেন ও মো. রিপন। দগ্ধ শ্রমিকদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে টিনশেড ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানাটি চালু ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কারখানার কয়েক শ্রমিক অগ্নিদগ্ধ হন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনে কেমিক্যাল কারখানার সব মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।