রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ নয় শ্রমিকের মধ্যে আরও দুজন মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।
নিহত দুই শ্রমিক হলেন রংপুরের হামিদপুর এলাকার বায়জিদ মিয়া (৩০) ও একই এলাকার সজিব মিয়া (৩০)। এ নিয়ে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো চার।
এর আগে শুক্রবার দুপুরে একই জেলার আকালু মিয়া (৩৫) ও শনিবার ভোরে মুজাহিদ শাহ (২৩) নামের আরও দুই শ্রমিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন প্রথম আলোকে বলেন, ‘নিহত শ্রমিকদের মধ্যে আকালুর শরীরের ৯০ শতাংশ, মুজাহিদের ৮০ শতাংশ, বায়েজিদের ৭৫ শতাংশ ও সজীবের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি ৫ শ্রমিকের শরীর ৭ থেকে ১৫ থেকে শতাংশ পুড়ে গেছে। তাঁরা এখনো চিকিৎসাধীন।’
গত ২৯ মার্চ রাত ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অবস্থিত লিলি কেমিক্যাল কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এতে কারখানার নয় শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের মধ্যে পাঁচজন এখনো ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারখানাটি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার এ কে এম সেলিম নামের এক ব্যবসায়ীর। রাঙামাটি থেকে রবার এনে ওই কারখানায় জুতায় ব্যবহৃত আঠা তৈরি করা হয়। ওই কারখানায় অন্তত ৫৮ জন শ্রমিক কাজ করেন বলে জানা গেছে। এর মধ্যে অনেকেই কারখানার ভেতরে বসবাস করেন।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে টিনশেড ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানাটি চালু ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কারখানার কয়েক শ্রমিক অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।