রূপগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে একাংশের সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদল ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্বাচল উপশহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ, সদস্যসচিব মাসুদুর রহমান, ভোলাব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আকন্দ, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান শিহাব, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক ওমর সোহাগ, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরু উদ্দিন আরিয়ান, সাধারণ সম্পাদক শাওন হৃদয়সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, রূপগঞ্জে ২০২১ সালে সুলতান মাহমুদকে আহ্বায়ক ও মাসুদুর রহমানকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পদ পাওয়া নেতা-কর্মীরা দল করতে গিয়ে বিভিন্ন সময় মামলা, হামলার শিকার হয়েছেন। পরে কেন্দ্রের নির্দেশে সেই কমিটি স্থগিত করা হয়। কিন্তু ১৫ দিন আগে সেই স্থগিত কমিটি বিলুপ্ত না করেই জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বিতর্কিতদের দিয়ে নতুন একটি কমিটি ঘোষণা করেন। কোনো কমিটি বিলুপ্ত না করে নতুন করে কমিটি ঘোষণার নিয়ম নেই বলে তাঁরা সংবাদ সম্মেলনে দাবি করেন। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে রূপগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে ছাত্রদলের সভাপতি মশিউর রহমান প্রথম আলোকে বলেন, পদবঞ্চিতরা মিথ্যা অভিযোগ করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করছেন। কেন্দ্রের নির্দেশনা মেনে সবকিছু নিয়মমাফিকভাবে করা হচ্ছে।