রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে আহত ২০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে বেশ কিছু বাসের কাচ ভেঙে যায়। পরে উভয় পক্ষের লোকজন বেশ কিছু মোটরসাইকেলও ভাঙচুর করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে ভুলতা ফ্লাইওভার এলাকার আশপাশে অবস্থিত গাউছিয়া মার্কেট, তাঁতবাজার, রাবেত আল হাসান ও হক সুপারমার্কেটের ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সদস্যসচিব মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আজ বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জেলা বিএনপির সমাবেশ ছিল। সমাবেশে অংশ নিতে দুপুরে তাঁদের আড়াই শতাধিক নেতা-কর্মী ভুলতা ফ্লাইওভার এলাকায় বাসের জন্য জড়ো হয়। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল ও উপজেলার ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের তিন শতাধিক নেতা-কর্মী একই জায়গায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মাসুদুর রহমানসহ ৯ নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।
অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কিছু নেতা-কর্মী ভুলতা থেকে গাউসিয়া আসছিলেন। ছাত্রদল নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ যাওয়ার পথে আমাদের ছেলেদের ওপর হামলা করেন। পরে হামলার খবর পেয়ে আশপাশের এলাকার নেতা-কর্মীরা গিয়ে তাঁদের প্রতিহত করেন। খবর পেয়ে ঘটনার পর আমরা সেখানে গিয়েছিলাম।’ সংঘর্ষে ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাশেদ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, যুবলীগ নেতা বাবু, রিপন, হৃদয়সহ মোট ১১ জন আহত হয়েছেন বলে জানান তিনি।
ঘটনাস্থলে থাকা ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক হুমায়ুন কবির প্রথম আলোকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।