রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে মঙ্গলখালী এলাকায় আজ সোমবার দুই পক্ষের সংঘর্ষে তৌকির হোসেন ওরফে তারা মিয়া (৩৭) নিহত হয়েছেন। সংঘর্ষের পর কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বালু ভরাটের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
নিহত তারা মিয়া মুড়াপাড়া ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ও মঙ্গলখালী এলাকার চান মিয়ার ছেলে। তারা মিয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অবস্থিত ওয়াটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কারখানায় বালু ভরাটের কাজ পান ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি তারা মিয়া। কাজের লভ্যাংশ ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা-কর্মীদেরও পাওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ হলেও কোনো হিসাব না দেওয়ায় কিছুদিন ধরে যুবলীগের স্থানীয় কর্মী আইবুর মিয়ার সঙ্গে তারা মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল রোববার সকালে আইবুরের লোকজন তারা মিয়ার সমর্থক সুমন নামের একজনকে পিটিয়ে আহত করে। এরই জের ধরে আজ দুপুর ১২টার দিকে মঙ্গলখালী এলাকায় উভয় পক্ষ টেঁটা, বল্লমসহ ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে গুরুতর আহত হন তারা মিয়া। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা তিনটার দিকে তিনি সেখানে মারা যান। ওই সংঘর্ষে আক্তার হোসেন, সুমন, সজীব, কাউসার, হৃদয়, আইবুর, সুরুজ মিয়া, হাসান আলীসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা আইবুর ও আক্তার হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেন। আগুনে ওই দুজনের বাড়িসহ পাশের হাশেম মিয়ার একটি বসতঘর পুড়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলখালী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তারা মিয়ার ভাই সুরুজ মিয়া অভিযোগ করে বলেন, ‘আইবুর তাঁর বাহিনী নিয়ে আমার ভাইয়ের রাজনৈতিক অগ্রযাত্রা ঠেকাতে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ পলাতক থাকায় এ অভিযোগের বিষয়ে আইবুর মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আজ বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তারা মিয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।