রূপগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাতনামা এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোররাত আনুমানিক সাড়ে চারটায় রূপগঞ্জ থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বলছেন, গুলিবিদ্ধ এই যুবককে র্যাব-১–এর একটি দল হাসপাতালে নিয়ে আসে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত (বেলা তিনটা) এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ।
রূপগঞ্জ থানার একটি সূত্র থেকে জানা যায়, রোববার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায় এই যুবক গুলিবিদ্ধ হন। ভোররাত চারটায় র্যাব-১–এর সদস্যরা এই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে রূপগঞ্জ থানা–পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির মোল্লা জানান, অজ্ঞাতনামা ওই যুবক গুলিবিদ্ধ ছিলেন। তাঁর আনুমানিক বয়স ৩২ বছর। লাশটি উদ্ধারের পর তাঁর হাতের ছাপ নিয়েও পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি স্বাস্থ্য কমপ্লেক্সে কেমন করে এল, তা জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর জাহান প্রথম আলোকে বলেন, র্যাব-১–এর পরিচয়ে রোববার ভোররাত সোয়া চারটার দিকে গুলিবিদ্ধ একটি যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। পরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
এ বিষয়ে জানতে র্যাব-১–এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মির্জা সাহেদ মাহতাবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁদের মিডিয়া কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে একাধিকবার কল করা হলেও মিডিয়া কর্মকর্তা ফোন ধরেননি।
রোববার বিকেল চারটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।