রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাশিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। এ মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আবদুস সালাম (৫০)। তিনি পেশায় রাজমিস্ত্রি। অভিযুক্ত আবদুস সালামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। তবে তিনি রূপগঞ্জ উপজেলার একটি এলাকায় ভাড়া থাকতেন।
ওই শিশুর বাবা প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় তাঁর মেয়ে আবদুস সালামের বাসায় খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয়। শিশুটি যেন এ ঘটনা কাউকে না জানায়, সে জন্য সালাম তাকে চকলেট খেতে ৩০ টাকা দেয়। পরে শিশুটি বাসায় এসে কান্না করলে স্বজনেরা বিষয়টি জানতে পারেন। তখনই স্থানীয় লোকজনের সহায়তায় ওই শিশুর স্বজনেরা সালামকে আটক করে থানা-পুলিশকে খবর দেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আজ রোববার সকালে শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মামলার আসামিকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়েছে।