রূপগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক রিয়াজ হোসেনকে (৪০) কুপিয়ে জখম করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।
গত সোমবার মধ্যরাতে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকায় রিয়াজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিয়াজ বর্তমানে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রিয়াজের বন্ধু দৈনিক মানবজমিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক জয়নাল আবেদীন প্রথম আলোকে জানান, সোমবার রাতে ঢাকায় এক আত্মীয়ের জন্মদিনের অনুষ্ঠান শেষে ব্যক্তিগত গাড়িতে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। রাত সোয়া ১২টায় কাঞ্চন বাজার ডিস অফিসের সামনে বাড়ির কাছাকাছি রিয়াজ হোসেনকে নামিয়ে দিয়ে জয় বাড়ি চলে যান। ডিস অফিসের সামনে থেকে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী রিয়াজ হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে রিয়াজের মাথার সামনের অংশে আঘাত করে পালিয়ে যায়। রিয়াজের চিৎকারে পরিবারসহ আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে রিয়াজকে সুফী দায়েমুদ্দিন হাসপাতাল ও পরে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াজকে ভর্তি করান। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
রিয়াজের চিকিৎসক অধ্যাপক কিংসুক আবীর জানান, মাথায় প্রচণ্ড আঘাতের ফলে তাঁর মাথার খুলি ফেটে গেছে। তবে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের কোনো আলামত পাওয়া যায়নি। রিয়াজের অবস্থা আশঙ্কাজনক।
রিয়াজের ভাই সুমন খান প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন ধরেই সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সন্ত্রাসীরা তাঁর ভাইকে হুমকি–ধমকি দিচ্ছিল। তাঁর ভাইকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে উল্লেখ করে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।
রিয়াজের ওপর হামলার ঘটনায় নিন্দা ও জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোনো মামলা হয়নি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ প্রথম আলোকে বলেন, মামলা না হলেও দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার বিষয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে।