ঢাকার আশুলিয়া থেকে ডাকাতি হওয়া ট্রলারের ২৪টি গরু ও একটি ছাগল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কেওডালা এলাকা থেকে কোরবানির পশুগুলো উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে টাঙ্গাইল সদর থানার দুলবাড়ি হুরাইনুন এলাকার আবদুল রাজ্জাকসহ ১৩ জন তাঁদের ২৪টি গরু ও একটি ছাগল নিয়ে ট্রলারে করে রাজধানীর গাবতলীর হাটের উদ্দেশে রওনা হন। ওই দিন দিবাগত রাত দুইটার দিকে ঢাকার আশুলিয়া এলাকায় তুরাগ নদে অন্য একটি ট্রলারের ১৫ থেকে ১৬ জনের একদল ডাকাত গরুভর্তি ট্রলারটি থামায়। এ সময় ট্রলারে থাকা গরুর মালিক, ট্রলারের চালকসহ ১৬ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে ডাকাতেরা। পরে প্রত্যেকের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় গরু নিয়ে আসা ব্যক্তি ও চালককে হাত-পা বেঁধে আশুলিয়ার চরে ফেলে দেওয়া হয়। এরপর ডাকাতেরা দুলবাড়ি হুরাইনুন গ্রামের আবদুল রাজ্জাকের ছয়টি, মোন্তাব মিয়ার ছয়টি, লতিফ সরকারের একটি, বিপুল মিয়ার তিনটি, আবু বক্করের চারটি, আবদুর রাজ্জাকের চারটি গরু ও আয়নাল হকের একটি ছাগলসহ ট্রলার নিয়ে পালিয়ে যায়। গতকাল সকালে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কেওডালা এলাকার বালু নদীতে এলাকাবাসী গরুভর্তি ট্রলার ভাসতে দেখে চনপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রলারসহ গবাদি পশুগুলোকে উদ্ধার করে। পুলিশ ট্রলারের মধ্যে লেখা একটি মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে আশুলিয়া এলাকা থেকে গরুর মালিকেরা এসে গরুগুলো তাঁদের বলে নিশ্চিত করেন। পরে উদ্ধার হওয়া গরুগুলো হস্তান্তর করা হয়।