রূপপুর প্রকল্পের চুল্লি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুল্লি থেকে নিচে পড়ে তুষার আহম্মেদ (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কিছুক্ষণ পর তিনি মারা যান।
তুষারের বাড়ি উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামে। তিনি প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।
প্রকল্পে কর্মরত শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, তুষার প্রকল্পের ২ নম্বর ব্লকে নির্মাণাধীন চুল্লিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আজ ভোরে এসে তিনি কাজে যোগ দেন। বেশ উচ্চতায় কাজ করছিলেন। অসাবধানবশত হঠাৎ করে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সকালে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। একই সঙ্গে ক্ষতিপূরণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবগত করা হয়েছে।