রেইনট্রির ডালে ঝুলছিল তরুণের হাত-পা-মুখ বাঁধা লাশ
ভোলার লালমোহনে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক তরুণের হাত, পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রাম থেকে আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মো. সাকিব (২৪)। তিনি পেশায় কৃষক। ওই এলাকার বজলুর রহমান মোল্লার ছেলে তিনি। পরিবারের দাবি, শত্রুতার জেরে প্রতিপক্ষ সাকিবকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে লালমোহন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার রাতের খাবার খেয়ে সাকিবের পরিবারের সবার সঙ্গে ঘুমিয়ে পড়েন। ভোরে সাকিবকে ঘরে না দেখতে পেয়ে তাঁর মা খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের বিলের ভেতর হেলে থাকা একটি রেইনট্রির ডালের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় হাত, পা ও মুখ বাঁধা ঝুলন্ত সাকিবকে দেখতে পান। এ সময় সাকিবের মা আর্তচিৎকার শুরু করলে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। তাঁরা পুলিশকে খবর দেন।
অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করলেও মামলার বাদী বজলুর রহমান প্রথম আলোকে বলেন, অনেক দিন ধরে তাঁর সঙ্গে গ্রামের সালাউদ্দিনসহ কয়েকজনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় সালাউদ্দিন পক্ষ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। তাঁরাই হয়তো তাঁর ছেলে সাকিবকে রাতে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। এখন মামলার তদন্তে বেরিয়ে আসবে কে অপরাধী।
এ ব্যাপারে মো. সালাউদ্দিন বলেন, তাঁদের সঙ্গে বজলুর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল, বিরোধ নিয়ে মামলাও করেছেন সত্য। তবে পরে স্থানীয় ব্যক্তিরা এর সমাধান করেছেন। এখন কোনো বিরোধ নেই। সাকিবের মৃত্যুতে তাঁদের কোনো হাত নেই। তাঁকে ফাঁসাতেই সালাউদ্দিন পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বজলুর।