গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেনের বিরুদ্ধে অবৈধ সনদে দীর্ঘদিন চাকরি করার অভিযোগ উঠেছে। তিনি অবৈধ এমবিএ ও অভিজ্ঞতার সনদ ব্যবহার করে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ায় এ নিয়ে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ এপ্রিল সহকারী রেজিস্ট্রার পদে অস্থায়ী ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন মো. মোরাদ হোসেন। পরের মাসের ৪ তারিখ বশেমুরবিপ্রবি/নিয়োগ/২৭/৮৫(৫) স্মারকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে একই বছরের ১ আগস্ট তিনি সহকারী রেজিস্ট্রারের স্থায়ী পদে যোগ দেন। তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক এম খায়রুল আলম। তাঁর ছোট বোনের স্বামী মোরাদ হোসেন। ওই বিজ্ঞপ্তির ৪ নম্বর শর্তে উল্লেখিত অভিজ্ঞতার সনদের পরিবর্তে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে চাকরির অফিস আদেশের ফটোকপি আবেদনের সঙ্গে দাখিল করেন। এ ছাড়া শিক্ষা সনদ হিসেবে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে এমবিএ পাস করার সনদ জমা দেন।
মোরাদ হোসেনের জমা দেওয়া অফিস আদেশ ও এমবিএ সনদে দেখা গেছে, তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে ২০০২ সালের ১৯ মে অ্যাডহকের মাধ্যমে সেকশন অফিসার পদে যোগ দেন। এরপর ২০০৬ সালের ১৯ জুন সিনিয়র অফিসার এবং ২০০৯ সালের ৮ এপ্রিল একই বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে যোগ দেন। অন্যদিকে মোরাদ হোসেনের দাখিল করা এমবিএ সনদে রোল, নিবন্ধন, ক্রমিক নম্বর ও শিক্ষাবর্ষের উল্লেখ নেই। এ ছাড়া ২০১৬ সালের ২৫ জুলাই উচ্চ আদালত ২০০৬ সালের পর দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ও সনদ অবৈধ ঘোষণা করেন। তখন তিনি সিনিয়র অফিসার হিসেবে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, তৎকালীন উপাচার্য এম খায়রুল আলমের ছোট বোনের স্বামী মোরাদ হোসেনকে ভুয়া ও অবৈধ শিক্ষা ও অভিজ্ঞতার সনদে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে চাকরি দেন, যা অবৈধ।
অন্যদিকে ওই নিয়োগ বিজ্ঞপ্তির ৬ নম্বর শর্তে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সহকারী রেজিস্ট্রার পদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট হতে মাস্টার্স/চার বছর মেয়াদি স্নাতক সম্মান/বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে প্রশাসনিক কাজে বিশ্ববিদ্যালয়, ডিগ্রি প্রদানকারী শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ বিষয়ে মো. মোরাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি ২০০৮ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে সনদ পেয়েছি।’ ২০০৬ সাল থেকে ওই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও সনদ অবৈধ ঘোষণা করা উচ্চ আদালতের রায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আদালত কী রায় দিয়েছেন, তা আমি জানি না। আমি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে সনদ নিয়েছি এবং পরিপূর্ণ কাগজ দিয়েই চাকরি নিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কি উ এম মাহবুব প্রথম আলোকে বলেন, ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন একজন যোগ্য কর্মকর্তা হওয়ায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যখন এমবিএ করেন, তখন ওই বিশ্ববিদ্যালয়ের বৈধতা ছিল। তাঁর অন্যান্য সব সনদ ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরের কিছু মানুষ বিষয়টি নিয়ে পানি ঘোলা করছেন।’