রেফ্রিজারেটর মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু
রাজবাড়ীতে প্রতিবেশীর রেফ্রিজারেটর মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে এক তরুণের প্রাণ গেছে। সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তরুণের নাম উজ্জ্বল প্রামাণিক (১৮)। তিনি স্থানীয় ফেলুর দোকান এলাকার রহমত প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় একটি পাটকলে কাজ করতেন।
উজ্জ্বলের চাচা মালেক প্রামাণিক বলেন, তাঁর ভাতিজা উজ্জ্বল পাটকলে কাজ করলেও ইলেকট্রিকের কাজও টুকটাক করতে পারতেন। বিকেলে প্রতিবেশী ইউসুফ পাটোয়ারী তাঁর বাড়িতে রেফ্রিজারেটর মেরামত করানোর জন্য উজ্জ্বলকে ডেকে নিয়ে যান। এ সময় অসাবধানতাবশত উজ্জ্বল বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য এসেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ–আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিদ্যুতায়িত হয়ে তরুণ উজ্জ্বলের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই তরুণ মারা গেছেন।