রেলক্রসিংয়ে ইজিবাইককে ট্রেনের ধাক্কা, নিহত ৩
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার দারোয়ানী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন নারী উত্তরা ইপিজেডের কারখানাশ্রমিক ছিলেন। দুর্ঘটনায় আহত আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে ঘন কুয়াশার মধ্যে দারোয়ানী রেলক্রসিং অতিক্রম করছিল যাত্রীবাহী একটি ইজিবাইক। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেন সীমান্ত এক্সপ্রেস ইজিবাইকটিকে ধাক্কা দিলে তা ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান শেফালী বেগম (৩৫) নামের এক নারী। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৭ জনকে উদ্ধার করে ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালে নেন। সেখানে রোমানা (৩৫) ও সাহেরা (৩৫) নামের আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মেজবাহুল হাসান চৌধুরী বলেন, হাসপাতালে নিয়ে আসা সাতজনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অপর পাঁচজনের মধ্যে মুমূর্ষু তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজনকে নীলফামারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।