রেলক্রসিংয়ে নছিমন বিকল, ট্রেনের ধাক্কায় নিহত ৪
রংপুরের কাউনিয়া উপজেলায় গতকাল শনিবার রাতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় গরুবাহী একটি নছিমনে থাকা চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় সাতটি গরুও মারা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন কাউনিয়ার হারাগাছ পৌরসভার মেনাজ বাজার এলাকার হাফিজার রহমান (২৫), আবু বক্কর (৩৫), মুকুল মিয়া (২৬) ও তাঁর ভাই আজিজার রহমান (৩০)। আহত ব্যক্তিরা হলেন চালক রবিউল ইসলাম (৩০), নূর ইসলাম (২৭), আন্নাফ আলী (২৫) সিরাজুল ইসলাম (৩০)। তাদের বাড়িও একই এলাকায়। হতাহত ব্যক্তিরা কাউনিয়ার টেপামধুপুর হাট থেকে গরু কিনে নছিমন করে হারাগাছের দিকে যাচ্ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি বলেন, রাত সাড়ে নয়টার দিকে কাউনিয়ার মানাসপুরের শিবুকুঠিরপাড় রেলক্রসিং পার হওয়ার সময় গরুবাহী নছিমনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় রংপুর থেকে আসা ট্রেনটি নছিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চারজন নিহত ও নসিমনের চালকসহ চারজন আহত হয়। এ ঘটনায় সাতটি গরুও মারা গেছে। লাশগুলো পুলিশের হেফাজতে থানায় রয়েছে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।