রেলক্রসিংয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, মা-ছেলে নিহত
গাজীপুর সিটি করপোরেশনের দাক্ষিণখান এলাকায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মা–ছেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন দাক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৫) ও তাঁর দুই বছর বয়সী ছেলে মো. শোয়াইব। এ ঘটনায় আবুল হাসান (৪০) ও তাঁর মেয়ে লাবিবা (৬) আহত হয়েছেন।
টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ বলেন, আজ ভোরে আবুল হাসান স্ত্রী-সন্তানদের নিয়ে শরীয়তপুরে মামার বাড়ির উদ্দেশে রওনা হন। আবুল হাসান নিজেই মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। পথে দাক্ষিণখান রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ১৫ থেকে ২০ হাত দূরে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা মাইক্রোবাসের যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মা ও ছেলের লাশ ময়নাতদন্তের জন্য ওই কলেজের মর্গে পাঠানো হয়েছে।