রেলগেটের পাশে পড়ে ছিল যুবকের লাশ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কয়া শোবলা রেলগেটের পাশে পড়ে ছিল যুবকের লাশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মারা যাওয়া ওই যুবকের নাম স্বপন হোসেন (৩০)। তিনি আক্কেলপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, স্বপন হোসেন শুক্রবার সকালে স্থানীয় কয়া শোবলা গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। পরে কয়া শোবলা রেলগেটের পাশে স্বপন হোসেনের মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনেরা স্বপনের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। স্বজনদের ধারণা, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা রকেট মেইল ট্রেনের ধাক্কায় স্বপন নিহত হয়েছেন।
বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ও তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাদেশ হোসেন বলেন, স্বপন হোসেন মাদকাসক্ত ছিলেন। আজ সকালে মাঠে ঘাস কাটতে গিয়ে উত্তরা ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।