রেললাইনে পড়েছিল আদম ব্যবসায়ীর লাশ
ওষুধের ব্যবসা ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন রনজিত দাস (৫০)। সময়মতো অনেককে সেখানে পাঠাতে না পারায় চাপে ছিলেন। অনেকে টাকা ফেরত চেয়ে বার বার তাগাদা দিচ্ছিলেন। একপর্যায়ে স্ত্রী আর দুই শিশুসন্তানকে নিয়ে গোপনে এলাকা ছাড়েন। লোকজন নানাভাবে খোঁজ করেও রনজিতের সন্ধান পাচ্ছিল না। অবশেষে রেললাইনে মিলল তাঁর লাশ।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশন–সংলগ্ন নন্দনগর-লামাপাড়া এলাকা থেকে গত সোমবার দিবাগত রাতে রনজিতের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি পাশের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর গ্রামে। এ ঘটনায় কুলাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রেল পুলিশ জানায়, সোমবার রাতে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন বলে খবর পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে দিবাগত রাত দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আনা হয়। নিহত ব্যক্তির প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে একটি কাগজে কয়েকটি মুঠোফোনের নম্বর লেখা ছিল। সেসব নম্বরের সূত্র ধরে তাঁর পরিচয় মেলে।
মঙ্গলবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ প্রতিবেশীরা লাশটি রনজিতের বলে শনাক্ত করেন। এর পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রনজিতকে চেনেন এমন অন্তত চার-পাঁচজন বলেন, রনজিতের বাড়ি গ্রামে হলেও তিনি উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে থাকতেন। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাঁরা বলেন, রনজিতের ওষুধের ব্যবসা ভালোই চলছিল। সন্তাদের কিন্ডারগার্টেনে ভর্তি করেন। সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকতেন। অধিক মুনাফার লোভে পড়ে রনজিত আদম ব্যবসায় নেমেছিলেন।
স্থানীয় ইউপি সদস্য সানাউল হক চৌধুরী মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রনজিত বেশ কয়েক বছর ধরে বাড়ি ছেড়ে উপজেলা সদরে থাকতেন। তাঁর স্ত্রী-সন্তানেরা সিলেটের বিয়ানীবাজার এলাকায় থাকেন বলে জানা গেছে। তাঁদের খবর পাঠানো হয়েছে।
কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আহমদ বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।