রেললাইনে বসে ইয়ারফোনে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদী রেলওয়ে স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে স্টেশনটির পূর্ব প্রান্তে অবস্থিত রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, দুর্ঘটনার সময় ওই কিশোর রেললাইনে একা একা বসে ইয়ারফোনে গান শুনছিল।

নিহত কিশোরের নাম দ্বীন ইসলাম (১৬)। সে নরসিংদী শহরের নওয়াববাড়ি এলাকার ফুচকা বিক্রেতা মিজানুর রহমানের ছেলে।  দ্বীন ইসলামও ভ্রাম্যমাণ দোকান নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ফুচকা-চটপটি বিক্রি করত।

প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি ও রেলস্টেশন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেললাইনে বসে থাকা ওই কিশোর এর নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে রেলওয়ে ফাঁড়ির পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।

নিহত কিশোরের নাম দ্বীন ইসলাম (১৬)। পুলিশ বলছে, দুর্ঘটনার সময় ওই কিশোর রেললাইনে একা একা বসে ইয়ারফোনে গান শুনছিল।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, দুর্ঘটনার পরপরই তাঁরা ঘটনাস্থলে যান এবং কিশোরের লাশ দেখতে পান। এ সময় পাশে পড়ে থাকা নিহত কিশোরের মুঠোফোন থেকে নম্বর সংগ্রহ করে তার স্বজনদের ঘটনা জানানো হয়।

নিহত দ্বীন ইসলামের বড় বোন পুতুল আক্তার বলেন, প্রতিদিনই ফুচকা-চটপটি বিক্রি করতে বের হতো তাঁর ভাই। কিন্তু আজ সে দোকান নিয়ে বের না হয়ে একটু ঘোরাঘুরি করতে স্টেশনের দিকে গিয়েছিল। স্টেশনের রেলওয়ে ফাঁড়ির সামনে বসে থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়ে সে। সন্ধ্যা ছয়টার দিকে তাঁর মৃত্যুসংবাদ পান তাঁরা।

দুর্ঘটনায় এক কিশোরের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম বলেন, পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ওই কিশোরের লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।