বিআইডব্লিউটিসির ওয়ে স্কেল
রেললাইনে যানবাহন, দুর্ঘটনার শঙ্কা
ওজন স্কেল থেকে গাড়ির লাইন রেলগেট ছাড়িয়ে এক কিলোমিটারের বেশি লম্বা হয়। দিনে অন্তত তিন-চারবার এমন লম্বা লাইন তৈরি হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ রেলগেট এলাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী পণ্যবাহী গাড়ি প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকছে রেললাইনের ওপর। রেলগেট থেকে প্রায় ৫০০ মিটার দূরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ওজন মাপার যন্ত্র থাকায় পণ্যবাহী গাড়িগুলোকে ওজন দিতে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
গতকাল শুক্রবার সকালে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়–সংলগ্ন মহাসড়ক ঘেঁষে বসানো বিআইডব্লিউটিসির ওজন পরিমাপক যন্ত্রের (ওয়ে স্কেল) সামনে পণ্যবাহী গাড়ির লম্বা সারি। দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরিতে নদী পাড়ি দিতে ভাড়া হিসেবে এখান থেকে পণ্যের ওজনের স্লিপ সংগ্রহ করতে হয়। গাড়ির লাইন ওজন স্কেল থেকে পেছনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পার হয়ে গোয়ালন্দ রেলগেট ছাড়িয়ে গেছে। প্রায় ৫০০ মিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শতাধিক গাড়ি। ওজন স্কেল থেকে স্লিপ নেওয়ার পর ধীরে ধীরে গাড়িচালক ফেরিঘাটের দিকে অগ্রসর হচ্ছেন। আর যথারীতি পেছনে লাইনের গাড়িগুলো থাকছে রেললাইনের ওপরে।
রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা যশোর থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক নজরুল ইসলাম বলেন, ‘সামনের গাড়ি লক্ষ্য করে আমরা এগোচ্ছি। সামনের গাড়ি ধীরে ধীরে আগাচ্ছে, আমিও পিছু পিছু যাচ্ছি। এ ক্ষেত্রে আমাদের কী করার আছে? সামনে থেকে গাড়িগুলো দ্রুত টানলে আমরাও যেতে পারি।’
রেলগেট এলাকার দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের গেটকিপার শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন দিনের বেলায় কয়েকবার করে গাড়ির লম্বা লাইন তৈরি হয়। ট্রেন আসার সময় আমাদের হুঁশ থাকে না। আমরা দ্রুত রেললাইনের উভয় পাশে লাল কাপড় টানিয়ে ট্রেনকে সতর্ক করে দিই। রেললাইনের ওপর থেকে গাড়িগুলোকে দ্রুত সরানোর ব্যবস্থা করতে হয়। আমরা উভয় দিক থেকে ব্যারিকেড ফেলে দিই।’
ওজন স্কেল থেকে প্রতিদিন ট্রাক-কাভার্ড ভ্যানের লম্বা লাইন রেলগেট পার হয়ে যায় বলে জানালেন স্থানীয় বাসিন্দা মিরাজুল ইসলাম। তিনি বলেন, কিছুদিন আগে এক মোটরসাইকেল আরোহী লাইন পার হতে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে ধাক্কায় গুরুতর জখম হন।
রেলগেট এলাকার মুদিদোকানি সেলিম মোল্লা বলেন, ওজন স্কেল থেকে গাড়ির লাইন রেলগেট ছাড়িয়ে এক কিলোমিটারের বেশি লম্বা হয়। দিনে অন্তত তিন-চারবার এমন লম্বা লাইন তৈরি হয়। গাড়ির লাইন যখন মহাসড়কে থাকে, তখন ফেরি থেকে নেমে আসা দক্ষিণাঞ্চলগামী গাড়ি এবং দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়ির তিন লাইনে দীর্ঘ জট তৈরি হয়। এ সময় পথচারীদের চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়। রেললাইনের ওপর অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকছে।