রেললাইনে শুয়ে ছিলেন তরুণ, ওপর দিয়ে চলে গেল ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন দুর্ঘটনা
প্রতীকী

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার চেঁচিয়াবাধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত তরুণের নাম সজিব মিয়া (২৫)। তিনি উপজেলার আওনা ইউনিয়নের মেনদারবেড় এলাকার বাসিন্দা। সজিব মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে তাঁর বাবা জানিয়েছেন।

ওই তরুণের পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সজিব মিয়া আজ ভোরে চেঁচিয়াবাধা এলাকায় রেললাইনে শুয়ে ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন সেদিক দিয়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন লাশ উদ্ধার করেন।

সজীব মিয়ার বাবা জমির উদ্দিন বলেন, ‘ছেলে আমার মানসিক প্রতিবন্ধী ছিল। দিনরাত ঘুরে বেড়াত। এখন ট্রেনে কাটা পড়ে মরেই গেল।’

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত তরুণের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে পুলিশ স্টেশনে একটি অপমৃত্যু মামলা হয়েছে।