রেললাইনের ওপর লোহার অ্যাঙ্গেল, ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রাক থেকে রেললাইনের ওপর আঁছড়ে পড়া লোহার অ্যাঙ্গেল। এতে বন্ধ হয়ে যায় ঢাকা- ময়মনসিংহ পথে রেল চলাচল
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের কাছে ট্রাক থেকে রেললাইনের ওপর পড়েছে লোহার বড় বড় অ্যাঙ্গেল। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহের মধ্যে ট্রেন চলাচল। সোমবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই পথ দিয়ে রেল চলাচল বন্ধ ছিল।

কাওরাইদ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ও স্টেশনের আউটার সিগন্যালে আটকা পড়েছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। সড়কের ওপর থেকে অ্যাঙ্গেল অপসারণ করতে শক্তিশালী ক্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্টেশন কর্তৃপক্ষ।

স্থানীয় লোকজন জানান, রাত পৌনে আটটার দিকে একটি ট্রাক শ্রীপুর রেলক্রসিং হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ এটি বড় ধরনের ঝাঁকিতে পড়ে। এতে ট্রাকে থাকা সাতটি লোহার বড় অ্যাঙ্গেল রেলসড়কের ওপর ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে লোকজন না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে অ্যাঙ্গেলগুলো আছড়ে পড়ার ফলে শুধু রেল সড়ক নয়, বন্ধ হয়ে গেছে গোসিংগা-শ্রীপুর আঞ্চলিক সড়কের সব ধরনের যানবাহন চলাচল।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শামীমা জাহান রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, ‘আমরা শক্তিশালী ক্রেন আনার ব্যবস্থা করছি। ক্রেন ছাড়া এসব ভারী অ্যাঙ্গেল সরানো সম্ভব হচ্ছে না। যতক্ষণ অ্যাঙ্গেল সরিয়ে না নেওয়া হচ্ছে, ততক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকবে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’