রেললাইনের ওপরে দোকান, বড় দুর্ঘটনার আশঙ্কা
ট্রেন আসতে দেখে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। রেললাইনের দুই পাশে দোকানপাটের কারণে কে কোথায় আশ্রয় নেবে, সে জায়গাটুকুও নেই। এর ফলে প্রতিবারই ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা থাকে। সৈয়দপুর শহরের বানিয়াপাড়া রেলওয়ে সিগন্যাল থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত রেললাইনের দুই পাশের চিত্র এটি। গত তিন মাসে ওই রেললাইনে ট্রেনের ধাক্কায় পাঁচটি প্রাণ ঝরেছে। ওই এলাকার তিন কিলোমিটারে রেললাইনের দুই ধারে, এমনকি রেললাইনের ওপরে নানা পণ্যের বাজার বসায় মরণফাঁদে পরিণত হয়েছে রেলপথটি।
গতকাল সোমবার সকালে সরেজমিনে শহরের পুলিশ বক্সের কাছে রেলগেটে দেখা যায়, রেলগেটের উত্তরে বসেছে জুসের দোকান, লেপ-তোশকের দোকান এবং দক্ষিণে বিশাল এলাকাজুড়ে পিকআপ স্ট্যান্ড। শত শত পিকআপ দাঁড়িয়ে আছে ভাড়ার অপেক্ষায়। এর পাশে পাইকারি ফলের বাজার। রেললাইনের পশ্চিম পাশে বড় বড় কামারশালা। সেখানে তৈরি হচ্ছে দা, কুড়াল। উভয় পাশে রেস্তোরাঁ, মাংসের দোকান, ছোট ছোট শিল্পকারখানা, কাপড়, স্যান্ডেলসহ নিত্যপণ্যের দোকান। রেললাইনের উভয় পাশে কোনো জায়গা ফাঁকা না পেয়ে অনেকে আবার রেললাইনের ওপরেই বসেছেন। ঈদকে সামনে রেখে সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের ওই এলাকায় সকাল থেকে রাত লোকজন গিজগিজ করছে।
১ নম্বর রেলগুমটি থেকে ২০০ গজ দূরে রেললাইনের ওপরে দোকান পেতেছেন শহরের হাতিখানা মহল্লার মহসিন। প্রথম আলোকে তিনি বলেন, ‘দোকান ভাড়া নেওয়ার পুঁজি নেই, তাই বাধ্য হয়ে লাইনের ওপরে বসেছি কিছু তৈরি পোশাক নিয়ে। আমার মতো দুই হাজারের বেশি ছোট ছোট ব্যবসায়ী রেললাইনে ব্যবসা করছেন। সৈয়দপুর পৌরসভায় নির্দিষ্ট কোনো হকার্স মার্কেট না থাকায় আমাদের এ দুর্দশা।’
স্যান্ডেলের দোকান দিয়েছেন আজমত আলী। তিনি বলেন, ‘ট্রেন এলে আমাদের দৌড়াদৌড়ি করা ছাড়া কোনো উপায় থাকে না। ক্রেতা-বিক্রেতা সবাই আতঙ্কে থাকেন। তবু আমাদের কোনো বিকল্প নেই।’
রেলের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, গত মার্চেও রেললাইনের আশপাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। বিষয়টি মানবিক, তাই পুলিশ কোনো কোনো ক্ষেত্রে কঠোর হতে পারে না। তবে সবারই সচেতন হওয়া দরকার।