রেলসেতুতে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কা, তরুণ নিখোঁজ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলসেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সময় উপকূল এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে এক তরুণ নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেল পাঁচটার দিকে ঘোড়াশাল রেলসেতুর মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে। নিখোঁজ তরুণকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
নিখোঁজ তরুণের নাম অলি মিয়া (১৮)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বড়পাড়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে। অলি মিয়া নরসিংদীর মাধবদীতে চাচার বাড়িতে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
দুর্ঘটনার সময় অলি মিয়ার সঙ্গে ছিলেন আরেক তরুণ শাজাহান মিয়া। তাঁর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ বলছে, তাঁরা দুজন মাধবদী থেকে একসঙ্গে ঘোড়াশাল রেলসেতুতে বেড়াতে এসেছিলেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা সেতুতে এসে পৌঁছান। এরপর ছবি তুলতে তুলতে অলি মিয়া রেলসেতুর মাঝখানে চলে যান। বিকেল পাঁচটার দিকে সেতু দিয়ে একটি ট্রেন আসতে দেখে চিৎকার করতে শুরু করেন শাজাহান নামের ওই তরুণ। ওই সময় অলি সেতু দিয়ে দৌড়াতে শুরু করেন। এরই মধ্যে ট্রেনটি এসে অলিকে ধাক্কা দিলে তিনি শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে পলাশ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নৌকায় করে সন্ধ্যা সাতটা পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকাল নয়টা থেকে আবার উদ্ধার কাজ শুরু করে নরসিংদীর রেলওয়ে পুলিশ, পলাশের ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহেদী বলেন, রেলসেতুটির মাঝামাঝি অংশে দাঁড়িয়ে ছবি তোলার সময় দুর্ঘটনাটি ঘটে। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত নিখোঁজ তরুণের সন্ধানে অভিযান চালানো হয়েছে। আজ সকাল নয়টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।