মুন্সিগঞ্জের গজারিয়া ফেরিঘাট ঘেঁষে মেঘনা নদী দখল করা হচ্ছে। ঘাটের উত্তর পাশে তীর থেকে নদীর ৩০ ফুট গভীরে ঢুকে বাঁশ ও টিনের বেড়া দেওয়া হচ্ছে। বেড়ার ভেতরের অংশ বালু দিয়ে ভরাটের প্রক্রিয়া শুরু হয়েছে। নদী দখল ও ভরাটের সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেমের ছোট ভাই মোফাজ্জল হোসেন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
নদী দখল করে যে জায়গায় বালু ভরাটের কাজ শুরু হয়েছে, সেটি ব্যক্তিমালিকানাধীন বলে দাবি করেছেন মোফাজ্জল হোসেন। তবে বিআইডব্লিউটিএ বলছে, নদীর তীরে কোনো রকম দখল, ভরাট বা স্থাপনার কাজ করা যাবে না। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
গত মঙ্গলবার দুপুরে গজারিয়া ফেরিঘাট এলাকায় প্রবেশ করতেই দেখা গেল, সড়কের পূর্ব ও পশ্চিম পাশে কয়েকটি দৃষ্টিনন্দন রিসোর্ট (অবকাশযাপনকেন্দ্র)। নতুন করে কাজ চলছে আরও দুটির। ফেরিতে যানবাহন ওঠানামার সংযোগ সড়ক ঘেঁষে নদীর ভেতরে ঢুকে বাঁশ ও টিনের উঁচু বেড়া দেওয়া হচ্ছে। বেড়াটি দৈর্ঘ্যে ৬০০ আর প্রস্থে ৪০০ ফুট হবে। বেড়া নির্মাণের কাজ করছিলেন ৮ থেকে ১০ জন ব্যক্তি।।
বিআইডব্লিউটিএ বলছে, নদীর তীরে কোনো রকম দখল, ভরাট বা স্থাপনার কাজ করা যাবে না। এ বিষয়ে উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেমের ছোট ভাই মোফাজ্জল হোসেন নদীতে বাঁধ দিয়ে ভরাট শুরু করেছেন। মূল সড়কের পশ্চিম পাশে মোফাজ্জল নতুন রেস্তোরাঁ তৈরি করবেন।
মোফাজ্জল হোসেন বলছেন, ৫০ থেকে ৬০ শতাংশ জায়গাজুড়ে ভরাট কাজ করছেন তিনি। এসব জায়গা স্থানীয়দের কাছ থেকে ১০ বছরের জন্য ইজারা নিয়েছেন তিনি। নদীর গভীরে আরও জায়গা আছে। বর্ষার পর সেগুলোও ভরাট করবেন। ভরাটের পর সেখানে চেয়ার ও ছাতা দিয়ে দেবেন। এখানে তিনি একটি রেস্তোরাঁ করতে যাচ্ছেন। তাঁর রেস্তোরাঁয় যাঁরা বেড়াতে আসবেন, তাঁরা সেখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করবেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, যে জায়গাটি ভরাট করা হচ্ছে, এটি মেঘনা নদীর মধ্যে পড়েছে। ভরাটের অংশে সরকারি জমিও রয়েছে। মোফাজ্জল হোসেনরা স্থানীয়ভাবে প্রভাবশালী। তাঁর ভাই ক্ষমতাসীন দলের নেতা। তাঁরা শুধু নদী নয়, সরকারি জমি, খাল, রাস্তা সবকিছুই দখল করেন। ফেরিঘাট হওয়ার পর এখানে জায়গার দাম বেড়েছে।
সোনারগাঁর ইউএনও আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। যে স্থানটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি সোনারগাঁয়ের হলেও মুন্সিগঞ্জের কাছাকাছি। খোঁজ নিয়ে দখলদারদের উচ্ছেদের আশ্বাস দেন তিনি।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল প্রথম আলোকে বলেন, নদীর তীরের ভূমিতে কোনো রকম দখল, ভরাট বা স্থাপনার কাজ করা যাবে না। এ বিষয়ে হাইকোর্টের সুস্পষ্ট রুলে রয়েছে। যে বা যারা মেঘনা নদীর দখল করছে, তাদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নেওয়া হবে।